১০ হাজারে ৪০ টাকা ফি? উৎসবের মুখে ইউপিআই লেনদেনে ব্যবসায়ীদের স্বস্তির খবর – এবেলা

১০ হাজারে ৪০ টাকা ফি? উৎসবের মুখে ইউপিআই লেনদেনে ব্যবসায়ীদের স্বস্তির খবর – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউপিআই (UPI) ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের জন্য উৎসবের মরশুমে বড় স্বস্তির খবর। দুর্গাপূজা, দীপাবলি এবং ছটপুজোর মতো বড় উৎসবের সময় ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে প্রস্তাবিত অতিরিক্ত ফি কার্যকর করার সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিতে পারে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) এবং কেন্দ্রীয় সরকার।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হওয়ার কথা ছিল। তবে ব্যবসায়ী সংগঠন এবং শীর্ষ পেমেন্ট সংস্থাগুলোর আপত্তির পর বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। সূত্রের খবর, উৎসবের সময় বাজারে কেনাকাটার চাপ বেশি থাকে। এই মুহূর্তে অতিরিক্ত ফি বা ট্রানজ্যাকশন চার্জ চালু হলে ডিজিটাল লেনদেনের গতি কমে গিয়ে নগদ টাকার ব্যবহার বাড়তে পারে, যা ক্রেতা ও বিক্রেতা উভয়কেই অসুবিধায় ফেলবে। তাই সব দিক বিবেচনা করে এই নিয়ম আগামী বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। এনপিসিআই এখনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়নি ঠিকই, তবে দু-একদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

নতুন নিয়মে কত চার্জ কাটার কথা ছিল? প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের (Merchants) ০.৪ শতাংশ হারে ইন্টারচেঞ্জ ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট দিতে হবে।

  • ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনে কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়।
  • ২,০০০ টাকার বেশি লেনদেনে ০.৪% ফি কাটা হবে।
  • উদাহরণস্বরূপ, কোনো ক্রেতা যদি ইউপিআইয়ের মাধ্যমে ১০,০০০ টাকার পেমেন্ট করেন, তবে ব্যবসায়ীকে ফি বাবদ ৪০ টাকা অতিরিক্ত গুণতে হবে।

উৎসবের মুখে এই চার্জ কার্যকর হলে ছোট-বড় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এবং ক্যাশ লেনদেনে ঝুঁকতে পারেন। সেই আশঙ্কা থেকেই নিয়মটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে সাময়িক স্বস্তির নিশ্বাস ফেলছেন দেশের লক্ষ লক্ষ ব্যবসায়ী ও ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *