১৪০ কোটির সোনায় সাজছেন ‘সোনার মা’, শিলিগুড়িতে পুজোর মেগা চমক! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 17, 20268:40 am
দুর্গাপুজোয় এবার উত্তরবঙ্গে অভাবনীয় চমক উপহার দিতে চলেছে নিউ জলপাইগুড়ির (এনজেপি) সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি। নিজেদের ৬৪তম বর্ষে পা দিয়ে তারা গড়ার পথে এক ঐতিহাসিক নজির। এ বছর দেবী দুর্গা ও তাঁর পুরো পরিবারকে সাজানো হবে ১০০ কেজি সোনার গয়নায়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৪০ কোটি টাকা। শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এ যাবৎকাল কোনো পুজোয় এত বিপুল পরিমাণ সোনা ব্যবহারের নজির মেলেনি।
একটি বিখ্যাত স্বর্ণ বিপণন সংস্থা এই অলঙ্কার সরবরাহ করছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পুজো কমিটির সভাপতি কাঞ্চন রায়। তবে এবার পুজোর স্থান কিছুটা বদলেছে। এতদিন গেট বাজারের কাছে রেলওয়ে ইনস্টিটিউট গ্রাউন্ডে এই পুজোর আয়োজন করা হতো। কিন্তু রেল কর্তৃপক্ষ মাঠটিকে ক্রিকেট গ্রাউন্ড হিসেবে গড়ে তোলার কাজ শুরু করায়, এ বছর পুজোটি বসছে এনজেপি-র অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ADRM) দপ্তরের সংলগ্ন মাঠে।
১৪০ কোটি টাকার সোনা প্যান্ডেলে থাকবে, তাই নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে একাধিক দফায় বৈঠকের পর তৈরি হয়েছে বিশেষ সুরক্ষা নকশা:
- সিসিটিভি ও সশস্ত্র প্রহরা: গোটা মণ্ডপ চত্বর ২৪ ঘণ্টা মুড়ে রাখা হবে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। মোতায়েন থাকবে বেসরকারি সংস্থার সশস্ত্র নিরাপত্তারক্ষী।
- দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন: নিরাপত্তার খাতিরে দর্শনার্থীরা প্রতিমার একদম কাছে যেতে পারবেন না। দেবী প্রতিমার ৮ ফুট আগেই শক্ত ব্যারিকেড করা হবে, সেখান থেকেই দর্শন সেরে দর্শনার্থীদের নির্দিষ্ট পথ দিয়ে বেরিয়ে যেতে হবে।
সোনায় মোড়া এই ‘সোনার মা’-কে এক নজর দেখতে এবার এনজেপি-র মণ্ডপে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।
