১৪ বছর পর বরুণ বিশ্বাস খুনের তদন্তে বিরাট মোড়! ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ ১৪ বছর পর সুঁটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের তদন্তে নতুন মোড়! শনিবার ‘জনতার দরবারে’ পরিবারের আবেদনের পর মামলাটির পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১২ সালে গোবরডাঙা স্টেশনে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান এই শিক্ষক। পূর্বতন সরকারের আমলের তদন্তকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ন্যায়বিচারের আশায় তাঁরা দ্বারস্থ হন।
পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত দোষীদের আড়াল করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের মূল চক্রী হিসেবে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকেই আঙুল তুলেছেন তাঁরা। নিরপেক্ষ বিচারের স্বার্থে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে সিট গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়েছে পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অবশেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় বুক বাঁধছেন সকলে।
