১৫ আগস্ট নয়, ১৮ই আগস্ট ‘স্বাধীনতা’ পেয়েছিল বাংলার এই জেলাগুলি! নেপথ্যে নাটকীয় ইতিহাস – এবেলা

এবেলা ডেস্কঃ
১৯৪৭ সালের ১৫ই আগস্ট যখন সারা দেশ স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল, ঠিক তখনই সীমানা নির্ধারণের এক মারাত্মক ভুলে পশ্চিমবঙ্গের নদিয়া, মালদা, বনগাঁ, রানাঘাট ও বালুরঘাটের মতো বিস্তীর্ণ অঞ্চলকে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করা হয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট সকালে ভারত মায়ের জয়ের বদলে এই অঞ্চলগুলিতে পাকিস্তানের পতাকা উড়তে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ।
নিজেদের জন্মভূমিতে রাতারাতি ‘পাকিস্তানি’ হয়ে যাওয়ার এই মর্মান্তিক আঘাত মেনে না নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। ড. শ্যামাপ্রসাদ মুখার্জী এবং নদীয়ার তৎকালীন রাজপরিবারের কূটনৈতিক চাপ ও আইনি যুক্তির মুখে নতিস্বীকার করতে বাধ্য হয় ব্রিটিশ প্রশাসন। লর্ড মাউন্টব্যাটেনের নির্দেশে তড়িঘড়ি দেশভাগের মানচিত্র সংশোধন করা হয়। অবশেষে ১৭ই আগস্ট রাতে ভুল শুধরে অঞ্চলগুলিকে ভারতে ফিরিয়ে আনা হয় এবং ১৮ই আগস্ট সকালে পুনরায় ওড়ানো হয় ভারতের জাতীয় পতাকা। সেই ঐতিহাসিক লড়াই ও বিজয়ের স্মৃতিতে আজও এই অঞ্চলগুলিতে ১৮ই আগস্ট বিশেষ ‘স্বাধীনতা দিবস’ হিসেবে পালিত হয়।
