‘২০ রাউন্ডে আমিই জিতব’, ভবানীপুরের ফল নিয়ে ‘ডেড শিওর’ শুভেন্দু, দিলেন গণনার পুঙ্খানুপুঙ্খ অঙ্ক
আগামীকাল ৪ মে মহাগণনা। তার ঠিক আগের মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী সুর শোনা গেল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গলায়। কেবল জয় নয়, গণনার ২০টি রাউন্ডে ঠিক কোথায় কী হবে, তার একটি নিখুঁত ‘রোডম্যাপ’ এদিন সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন তিনি।
গণনার ‘গণিত’ বোঝালেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীর দাবি, ভবানীপুরে তিনি কেবল জিতবেনই না, বরং তাঁর এই জয় হবে সুপরিকল্পিত। গণনার শুরু থেকে শেষ পর্যন্ত কী কী ঘটবে, তার একটি খসড়া তিনি সংবাদমাধ্যমের সামনে এভাবেই সাজিয়েছেন:
- প্রথম পর্ব (১-২ রাউন্ড): শুভেন্দু অধিকারীর দাবি, গণনার শুরুতেই অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রাউন্ডে তাঁর লিড থাকবে এবং তিনি এগিয়ে থাকবেন।
- দ্বিতীয় পর্ব (৩-৫ রাউন্ড): এই পর্বে কিছুটা পিছিয়ে পড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, ৩ থেকে ৫ নম্বর রাউন্ডে সংখ্যালঘু প্রধান বুথগুলোর গণনা হওয়ায় স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা লিড পাবেন।
- তৃতীয় পর্ব (৬-৭ রাউন্ড): সপ্তম রাউন্ডের পর থেকে পুনরায় ব্যবধান কমিয়ে ‘মেকআপ’ করতে শুরু করবেন বলে দাবি বিজেপি প্রার্থীর।
- চূড়ান্ত পর্ব (২০ রাউন্ড): শুভেন্দুর স্পষ্ট দাবি, ২০তম রাউন্ডে পৌঁছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্তভাবে পরাজিত করবেন এবং জয়ী ঘোষিত হবেন।
স্নায়ুর লড়াইয়ে বিজেপি বনাম তৃণমূল
ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের খাসতালুক হিসেবে পরিচিত হলেও, সেখানে এবার পরিবর্তনের হাওয়া প্রবল বলে দাবি শুভেন্দুর। বিজেপি শিবিরের মতে, মানুষ এবার নিভৃতে পদ্ম চিহ্নে ভোট দিয়েছেন এবং তার ফল ইভিএম খুললেই দেখা যাবে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব শুভেন্দুর এই গাণিতিক বিশ্লেষণকে ‘দিবাস্বপ্ন’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, ভবানীপুর সবসময়ই দিদির পাশে ছিল এবং সোমবারও তার ব্যতিক্রম হবে না।
এখন দেখার, সোমবার ইভিএম খোলার পর শুভেন্দু অধিকারীর এই ভবিষ্যদ্বাণী কতটা সফল হয়। ২০ রাউন্ডের শেষে কি সত্যিই ভবানীপুরে পদ্ম ফুটবে, নাকি নিজের গড় রক্ষা করবেন তৃণমূল সুপ্রিমো? উত্তর মিলবে কাল দুপুরেই।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।
