৩১ অক্টোবরের মধ্যে সেরার সেরা কাজ করলেই মিলবে বিশেষ সম্মান! স্বাস্থ্য বিমা যোজনা নিয়ে মুখ্যসচিবের মেগা ঘোষণা – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/08/22/swastha-bima-2026-08-22-13-27-58.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
September 29, 20265:42 pm
রাজ্যের যে সমস্ত পরিবার কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আসতে পারছে না, তাঁদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে তৈরি করা হয়েছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’। এবার এই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে জেলাগুলির পারফরম্যান্স বাড়াতে এক বড় সিদ্ধান্ত নিল নবান্ন। প্রদেয় লক্ষ্যমাত্রা পূরণে বা সেরা কাজ করে দেখাতে পারলে মিলবে বিশেষ সরকারি সম্মান ও স্বীকৃতি!
সম্প্রতি রাজ্যের সার্বিক স্বাস্থ্য পরিষেবা এবং ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করতে সমস্ত জেলাশাসকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরাও। সেখানেই মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় যে জেলা সবথেকে বেশি সাফল্য দেখাবে, তাকে তিনি ব্যক্তিগতভাবে সম্মানিত করবেন। নবান্ন সূত্রে খবর, আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই কাজের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা জেলা নির্বাচন করা হবে।
একনজরে মুখ্যসচিবের বৈঠকের মূল নির্দেশিকা:
- বিশেষ সম্মান: ৩১ অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সেরা কাজ করা জেলাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত ও সম্মানিত করবেন মুখ্যসচিব।
- ই-কেওয়াইসি দ্রুত নিষ্পত্তির নির্দেশ: আয়ুষ্মান ভারত যোজনার বহু কার্ড গ্রহীতার ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া আসাম্পূর্ণ থাকায় তাঁদের কার্ড সক্রিয় হচ্ছে না। প্রশাসনিক তৎপরতা বাড়িয়ে এই সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
- ডেঙ্গি হটস্পটে বাড়তি নজর: গত বছরের তুলনায় ডেঙ্গিতে মৃত্যুর হার কমলেও এখনও কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ড, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদের কয়েকটি ব্লক হটস্পট হিসেবে চিহ্নিত। “এখনও এত হটস্পট কেন?”— জেলাশাসকদের প্রশ্ন তুলে এই এলাকাগুলিতে বাড়তি নজরদারি ও সক্রিয় পদক্ষেপ নেওয়ার কড়া বার্তা দিয়েছেন মুখ্যসচিব।
রাজ্যে আয়ুষ্মান ভারতের পাশাপাশি ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’র কাজকে গতিশীল করতেই নবান্নের এই কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুরস্কারের এই প্রতিযোগিতামূলক ঘোষণার পর জেলা প্রশাসন কাজ ত্বরান্বিত করতে আরও বেশি তৎপর হবে বলেই আশা নবান্নের।
