৩ বছরে ৮ প্রাণহানি আইআইটি দিল্লিতে! কাঠামোগত ত্রুটির অভিযোগে উত্তাল ক্যাম্পাস – এবেলা

এবেলা ডেস্কঃ
আইআইটি দিল্লির এমএসসি পদার্থবিদ্যার ছাত্র ঋষিকেশ কুমারের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে শীর্ষ আধিকারিকদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গত শনিবার লেকচার হল কমপ্লেক্সের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ওই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই তীব্র ক্ষোভ দানা বাঁধছে। দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভোগা সত্ত্বেও তাঁকে প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সহায়তা বা সঠিক কাউন্সিলিং দিতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে ক্যাম্পাসে সমস্ত ক্লাস স্থগিত রাখা হয়।
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর এক গভীর কাঠামোগত সমস্যা। সিজেপির তথ্য অনুযায়ী, শুধু আইআইটি দিল্লিতে গত তিন বছরে আটজন এবং দেশের সমস্ত আইআইটি মিলিয়ে গত পাঁচ বছরে ৬৫ জন পড়ুয়ার অকালমৃত্যু ঘটেছে। মৃত ছাত্রের পরিবারকে এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার দাবি জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এই ধারাবাহিক প্রাণহানি দেশের সমগ্র শিক্ষাব্যবস্থার মানসিক পরিকাঠামো নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলেছে।
