৮০ লাখ টাকার ঋণের লোভে সর্বস্বান্ত! বেলেঘাটার ব্যবসায়ীর থেকে উধাও ৪০ লাখ, গ্রেপ্তার চার – এবেলা

৮০ লাখ টাকার ঋণের লোভে সর্বস্বান্ত! বেলেঘাটার ব্যবসায়ীর থেকে উধাও ৪০ লাখ, গ্রেপ্তার চার – এবেলা

এবেলা ডেস্কঃ

কম সুদে বড় অঙ্কের ঋণের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল সাইবার জালিয়াতদের বিরুদ্ধে। পূর্ব কলকাতার বেলেঘাটার এক সাইকেল ব্যবসায়ী আর্থিক প্রয়োজনের কারণে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি ভুয়ো কল সেন্টার থেকে আসা ফোন কলের ফাঁদে পড়েন। জালিয়াতরা তাঁকে ৮০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর প্রসেসিং ফি এবং কর বাবদ বিভিন্ন অছিলায় ধাপে ধাপে তাঁর কাছ থেকে প্রায় দুই মাসে মোট ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। টাকা পাওয়ার পরই অভিযুক্তরা যোগাযোগ বন্ধ করে দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে জালিয়াত চক্রের মূল পাণ্ডা সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে ভুয়ো কল সেন্টারের মালিক ধ্রুবজ্যোতি কর, ভাড়ায় ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহকারী রণজিৎ হালদার এবং অ্যাকাউন্ট সরবরাহকারী জিয়াউল মোল্লা ও বাপন বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গেছে, কমিশনের লোভে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে এই জালিয়াতি চালাত চক্রটি। মধ্যমগ্রাম ও উত্তর কাশীপুরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *