‘অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের’ ভয়ে কাঁপছে পাকিস্তান! ভাইরাল লস্কর কম্যান্ডোর বিস্ফোরক দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানে একের পর এক কুখ্যাত জঙ্গির রহস্যজনক মৃত্যু এবং ‘অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ’ বা ‘আননোন গানম্যান’ আতঙ্কে রাতারাতি ঘুম উড়েছে জঙ্গি সংগঠনগুলির। এবার সেই বিষয়েই এক চরম বিস্ফোরক ও বিরল প্রকাশ্য স্বীকারোক্তি সামনে এলো। কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডো রিজওয়ান হানিফের একটি ভিডিও নেটদুনিয়ায় তীব্র চাঞ্চল্য তৈরি করেছে। হানিফের দাবি, গত ৩-৪ বছরে তাদের ৩০ জনেরও বেশি সদস্যকে খতম করেছে ভারতের গোয়েন্দা সংস্থার (RAW) এজেন্টরা!
লস্করের বিরল স্বীকারোক্তি
পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) বিভিন্ন এলাকায় লস্করের নেটওয়ার্ক পরিচালনাকারী হানিফ তার ভিডিওতে খোলামেলা দাবি করেছে— ভারতের এজেন্টেদের টার্গেটেড হামলার কারণে এখন PoK-তে লস্কর সদস্যরা আর ‘শান্তি ও নিরাপত্তায়’ থাকতে পারছে না। হানিফের মতে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো স্থানীয় এজেন্টদের কাজে লাগিয়ে একের পর এক লস্কর কম্যান্ডোকে নিকেশ করছে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, হানিফের এই বক্তব্য জঙ্গি সংগঠনটির ভেঙে পড়া কাঠামোরই স্পষ্ট ইঙ্গিত।
‘অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ’ এবং ভারতের অবস্থান
গত কয়েক বছরে লাহোর, করাচি বা মুজফ্ফরাবাদের মতো পাক শহরগুলোতে একের পর এক হাফিজ সইদ ঘনিষ্ঠ লস্কর ও অন্যান্য গোষ্ঠীর শীর্ষ জঙ্গিরা বাইকে আসা অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছে।
পাকিস্তান বারবার অভিযোগ তুলেছে যে তাদের ভূখণ্ডে ঢুকে এই ধরণের ‘টার্গেট কিলিং’ চালাচ্ছে ভারতীয় সংস্থা। যদিও নয়াদিল্লি প্রথম থেকেই এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে লস্কর কম্যান্ডোর এই স্বীকারোক্তি কার্যত প্রমাণ করে দিচ্ছে যে, পাক ভূখণ্ডে থাকা ভারত-বিরোধী জঙ্গি ঘাঁটিগুলো এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
