অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল রাজ্য সরকার, নেতাজি-বিতর্কে কড়া পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অপরাধে রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। নেতাজিকে আসাম্মান করার জেরে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই চরম কড়া আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই সাংসদ কিন্তু এখনও নিজের অবস্থানের পক্ষে সাফাই দিয়ে চলেছেন। সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, “আমি তো নিজের মনগড়া কথা বলিনি, রেকর্ডে যা লেখা আছে সেটাই বলেছি। শরৎচন্দ্র বসুর লেখা বই থেকেই তথ্য উদ্ধৃত করেছি। আমি শুধু বলেছি— নেতাজি যে দেশ স্বাধীন করেছেন এমন কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি ভুল বললে তা প্রমাণ করতে হবে।”
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, নেতাজিকে নিয়ে কোনো অপপ্রচার বা আসাম্মানজনক বক্তব্য সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে পেশ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে গ্রেফতারও হতে পারেন অভিযুক্ত ব্যক্তি। আইন সবার জন্য সমান— মুখ্যমন্ত্রী এই কড়া বার্তা দেওয়ার পরপরই রাজ্য সরকার অনন্ত মহারাজের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার ও বাতিল করে নেয়।
