অনুব্রত সংঘাতের জের? ‘আসল’ তৃণমূলে গিয়েও রক্ষা হলো না, জেলা পরিষদের পদ ছাড়লেন কাজল শেখ! – এবেলা

এবেলা ডেস্কঃ
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ফয়জুল হক ওরফে কাজল শেখের পদত্যাগপত্র অবশেষে গ্রহণ করল প্রশাসন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনারের জারি করা নির্দেশে এই ইস্তফা অবিলম্বে কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সমস্ত সরকারি নথি, সিলমোহর ও দায়িত্ব নির্বাহী আধিকারিকের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১৯ আগস্ট পদত্যাগপত্র জমা দেওয়ার পর ২০ আগস্ট শুনানিতে হাজির হয়ে কাজল শেখ জানান, কোনো চাপ ছাড়াই তিনি স্বেচ্ছায় এবং ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর দল বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে যোগ দিলেও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ শিবিরের সঙ্গে কাজল শেখের অভ্যন্তরীণ কোন্দল অব্যাহত ছিল। তাঁর অনুপস্থিতিতে জেলা পরিষদের কাজ স্থবির হয়ে পড়ায় অনুব্রত অনুগামী ১৯ জন সদস্য কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণ এই প্রবল রাজনৈতিক টানাপোড়েন ও দলীয় কোন্দলের কারণেই শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন কাজল শেখ, যা বীরভূমের স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
