অন্নপূর্ণা যোজনার টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢোকেনি? তালিকা ধরে সরাসরি প্রশাসনের দরবারে কংগ্রেস! – এবেলা

এবেলা ডেস্কঃ
লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেলেও অনেক মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার ভাতা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রকৃত কারণ খতিয়ে দেখতে এবং বঞ্চিতদের তালিকা প্রস্তুত করতে জলপাইগুড়ি পুরসভার কংগ্রেস কাউন্সিলার অম্লান মুন্সি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন। তাঁর দাবি, রাজ্য সরকার পূর্বে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের এই প্রকল্পের আওতাভুক্ত করার ঘোষণা দিলেও বহু নারী এখনও কাঙ্ক্ষিত ভাতা পাননি। এই প্রেক্ষাপটে আগামী সোমবার একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নাম বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ প্রশাসনকে লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি, স্বামীর চাকরির অজুহাতে যাঁদের পিঙ্ক কার্ড বা অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হচ্ছে না, জনপ্রতিনিধিদের ক্ষেত্রেও একই নীতি কার্যকর করা উচিত বলে দাবি তুলেছে দলটি। বঞ্চিত মহিলাদের অধিকার আদায়ে এই ইস্যুতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুশিয়ারিও দিয়েছেন স্থানীয় নেতৃত্ব।
