অন্নপূর্ণা যোজনা রাতারাতি হয়ে গেল বার্ধক্য ভাতা! ৩২ বছরের তরুণীর অ্যাকাউন্টে ঢুকল অর্ধেক টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর জায়গায় চালু হয়েছে বিজেপি সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’। কিন্তু সেই প্রকল্পের টাকা পেতে গিয়ে চরম বিড়ম্বনার মুখে পড়লেন বর্ধমানের এক ৩২ বছরের তরুণী। অন্নপূর্ণা যোজনার নির্ধারিত ৩,০০০ টাকার বদলে তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে বার্ধক্য ভাতার মাত্র ১,৫০০ টাকা! এই অনিয়মের প্রতিকার চাইতে ইতিমধ্যেই বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন তিনি।
ঘটনাটি পূর্ব বর্ধমানের গলসি ২ ব্লকের কুরকুবা গ্রামের। ভুক্তভোগী তরুণী অনন্যা আশ জানান, আবেদন জানানোর পর গত জুন ও জুলাই মাসে তিনি অন্নপূর্ণা যোজনার নির্ধারিত ৩,০০০ টাকা করেই পেয়েছিলেন। কিন্তু সেপ্টেম্বর মাসে হঠাৎই তাঁর ব্যাঙ্কে ঢোকে মাত্র ১,৫০০ টাকা। ব্যাঙ্কে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, এই টাকা অন্নপূর্ণা যোজনার নয়, বরং ‘বার্ধক্য ভাতা’ হিসেবে জমা হয়েছে।
অনন্যার দাবি, তিনি কখনোই বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাননি। তাহলে কীভাবে অন্নপূর্ণা যোজনা বন্ধ হয়ে তাঁর অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সমস্যার সমাধান চেয়ে গত সোমবার তিনি গলসি ২ ব্লকের বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানান এবং নিজের ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রতিলিপি জমা দেন।
এই ঘটনায় ব্লক প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গলসির বিধায়ক রাজু পাত্র এই বিভ্রাটের জন্য স্থানীয় ব্লক আধিকারিকদের গাফিলতিকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, সঠিক তথ্য যাচাই না করেই কাজ করা হয়েছে, যার ফলে আবেদনকারীর নাম অন্নপূর্ণা যোজনার বদলে বার্ধক্য ভাতার তালিকায় নথিভুক্ত হয়ে গেছে।
