ডানকুনিতে ১,০০০ কোটির মেগা প্রকল্প! ৪৫ একর জমিতে গড়ে উঠছে পূর্ব ভারতের লজিস্টিকস হাব – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব ভারতে লজিস্টিকস ও গুদামজাতকরণ (ওয়্যারহাউসিং) পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণে এক বড় পদক্ষেপ নিল অলকার্গো গ্রুপের অধীনস্থ ‘ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেড’। হুগলির ডানকুনিতে প্রায় ৪৫ একর জমি অধিগ্রহণ করে সংস্থাটি সেখানে একটি অত্যাধুনিক লজিস্টিকস পরিকাঠামো ও গুদামঘর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৪ মাসের মধ্যে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু করার লক্ষ্য রয়েছে। এই পুরো প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা।
প্রকল্পের প্রাথমিক কাজের অংশ হিসেবে জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যেই প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেটের রিয়েল এস্টেট সিইও তথা গ্লোবাল প্রকিওরমেন্ট প্রধান রাম ওয়ালেস জানান, প্রাথমিক পরিকাঠামো তৈরি এবং মূল কাঠামোগত নির্মাণের জন্য সংস্থা আরও প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে। অর্থাৎ, প্রথম ধাপেই ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেটের সরাসরি বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫০০ কোটি টাকা। কলকাতা সংলগ্ন অঞ্চলে এটিই তাদের প্রথম মেগা বিনিয়োগ।
প্রকল্পের পরবর্তী ধাপে অবশিষ্ট ৫০০ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে গুদামজাতকরণ পরিষেবা ব্যবহারকারী অন্যান্য বাণিজ্যিক সংস্থাগুলির তরফ থেকে। মূলত ই-কমার্স এবং আন্তর্জাতিক লজিস্টিকস সংস্থাগুলি তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী আধুনিক সরঞ্জাম স্থাপন এবং অভ্যন্তরীণ পরিকাঠামো তৈরিতে এই অর্থ ব্যয় করবে।
বর্তমানে দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং পুণের মতো বড় বড় শহরে ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেটের উপস্থিতি রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তাদের হাতে থাকা প্রায় ৩০০ একর জমিতে ভবিষ্যতে আরও ৩০ থেকে ৪০ লাখ বর্গফুটের গুদাম তৈরি সম্ভব। তবে এবার ডানকুনির এই প্রকল্পের হাত ধরে পূর্ব ভারতের দ্রুত বর্ধনশীল বাজারে পা রাখতে চলেছে সংস্থাটি।
ডানকুনির এই নতুন কেন্দ্রটি চালু হলে দেশজুড়ে সংস্থাটির মোট গুদামজাতকরণ পরিকাঠামোর আয়তন বেড়ে দাঁড়াবে প্রায় ৬০ লাখ বর্গফুটে। আগামী দুই বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে ডানকুনি কেবল সাধারণ পণ্য মজুতের স্থান হিসেবেই নয়, বরং সমগ্র পূর্ব ভারতের পণ্য সরবরাহ ব্যবস্থার (সাপ্লাই চেইন) অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে উঠে আসবে।
