অবশেষে জট কাটছে বকেয়া ডিএ নিয়ে! ২০২৮ পর্যন্ত কিস্তির মারপ্যাঁচে মিলবে বড় স্বস্তি? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ চার কিস্তিতে মেটানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটির কাছে এই প্রস্তাব জমা দিয়েছে নবান্ন। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরে একটি, আগামী বছর দুটি এবং ২০২৮ সালের জানুয়ারিতে শেষ কিস্তির টাকা দেওয়া হবে। তবে প্রথম কিস্তির অর্থ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে প্রদানের সুপারিশ করেছে কমিটি, যা শুধুমাত্র আপডেট ও স্ক্যান করা ই-সার্ভিস বুক থাকা কর্মীরাই পাবেন। ইতিমধ্যে পেনশনভোগীদের একাংশের বকেয়া মেটানোর কথা জানানো হলেও, কলকাতার বাইরের এবং ভিতরের পেনশনভোগীদের প্রাপ্তিতে কিছু তারতম্য রয়েছে।
এদিকে গ্রান্ট-ইন-এইড বা সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা ও স্বশাসিত সংস্থার কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ-র বিষয়টি এই মামলার আওতাভুক্ত নয় বলে গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য, যদিও তাদের বকেয়া মেটানোর সদিচ্ছার কথাও বলা হয়েছে। আগামী ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে পুরো বিষয়টি আদালতে তুলে ধরা হবে। অন্যদিকে, সম্প্রতি নবান্নে সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং কর্মীদের সুবিধার জন্য একটি নতুন পোর্টাল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
