অবসরের পর পিএফের টাকা এবার কিস্তিতে তোলার সুযোগ, বড় সিদ্ধান্ত ইপিএফও-র

অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা এককালীন না তুলে কিস্তিতে তোলার সুযোগ নিয়ে আসতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৪০তম বৈঠকে এই সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা এসডব্লিউপি-র প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার ফলে অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের জমানো টাকা মাসিক, ত্রৈমাসিক বা ষাণ্মাসিক ভিত্তিতে কিস্তিতে তোলার সুবিধা পাবেন।
এই নতুন নিয়মে পিএফ অ্যাকাউন্টে পড়ে থাকা অবশিষ্ট টাকার ওপর নিয়ম অনুযায়ী সুদ জমা হতে থাকবে। তবে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না, শুধুমাত্র যে সদস্যরা এই বিকল্পটি বেছে নেবেন, তারাই এই সুবিধা পাবেন। কত টাকা তোলা যাবে, তার সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা সম্পর্কে ইপিএফও এখনও বিস্তারিত জানায়নি। প্রাথমিক পর্যায়ে ৫৫ বছরের বেশি বয়সি এবং পিএফ অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি জমা রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্যকে সম্ভাব্য সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইপিএফও স্পষ্ট করেছে যে, এই এসডব্লিউপি ব্যবস্থাটি ইপিএস পেনশনের থেকে সম্পূর্ণ আলাদা। ইপিএস মূলত পেনশন প্রকল্প, অন্যদিকে এসডব্লিউপি-র মাধ্যমে সদস্যরা নিজেদের জমানো পিএফের টাকাই ধাপে ধাপে তুলতে পারবেন। কোনো সদস্যের মৃত্যু হলে তার নমিনি অবশিষ্ট টাকা এককালীন তুলতে পারবেন অথবা তিনিও কিস্তিতে টাকা নেওয়ার বিকল্প বেছে নিতে পারবেন। এই নতুন নিয়ম কার্যকর হলে অবসরপ্রাপ্তদের আর্থিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
