অভিযোগ জানান সরাসরি মুখ্যমন্ত্রীকে! আমজনতার জন্য চালু হলো ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবং তাঁদের অভাব-অভিযোগ সরাসরি শুনতে আরও এক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেল্পলাইন নম্বর চালুর পর এবার রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল। আজ, শনিবার থেকেই এই বিশেষ পোর্টালটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দফতর বা CMO-র অফিসিয়াল ওয়েবসাইটেই যুক্ত করা হয়েছে এই ‘আপনার সরকার আপনার পাশে’ অপশনটি। যেখানে ক্লিক করে রাজ্যের যেকোনো প্রান্তের মানুষ তাঁদের যেকোনো সমস্যার কথা সরাসরি সরকারের কাছে নথিভুক্ত করতে পারবেন।
বদলে গেল ঘরানা, পরিষেবায় নতুন ছোঁয়া:
তৃণমূল জমানার ‘দিদিকে বলো’ বা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ধাঁচকে বদলে দিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কোনো নির্দিষ্ট পদের নামে নয়, মানুষের সরকারের কর্মসূচি হবে মানুষের নামেই। সেই মতো চলতি মাসের শুরুতেই নবান্ন থেকে 8282082820 হেল্পলাইন নম্বর এবং একটি নির্দিষ্ট ইমেল আইডি (asap@wb.gov.in) চালু করা হয়। এবার সেই পরিষেবাকে আরও সহজ করতে পোর্টাল নিয়ে এলো রাজ্য।
কীভাবে জানাবেন আপনার অভিযোগ?
মুখ্যমন্ত্রীর দফতরের (CMO) ওয়েবসাইটে গিয়ে ‘আপনার সরকার আপনার পাশে’ অপশনে ক্লিক করলেই ‘Raise Grievance’ বিকল্পটি পাওয়া যাবে।
- সেখানে নিজের ফোন নম্বর দিলেই মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে।
- ওটিপি এবং ক্যাপচা (Captcha) ভেরিফিকেশন করার পর একটি নতুন পেজ খুলবে।
- সেই পেজে নাম, ঠিকানা, জেলা, থানা, বিধানসভা কেন্দ্র ও পিনকোড সহ আপনার নির্দিষ্ট অভিযোগটি বিস্তারিতভাবে লিখে জমা করা যাবে।
ডিজিটাল মাধ্যমের সাহায্যে আমজনতার ক্ষোভ ও সমস্যার দ্রুত সমাধান করতেই সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল।
