অশ্বগন্ধা থেকে বেনারসি শাড়ি, G-7 সম্মেলনে বিশ্বনেতাদের হাতে আর কী উপহার মোদীর? – এবেলা

এবেলা ডেস্কঃ
ফ্রান্স: আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি বিশ্বমঞ্চে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও একবার অনন্যভাবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সে আয়োজিত জি-৭ (G-7) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বিশ্বের তাবড় নেতাদের হাতে তিনি তুলে দিলেন খাঁটি ভারতীয় সামগ্রী। এই বিশেষ উপহারগুলির মাধ্যমে মূলত ভারতের প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা, হস্তশিল্প এবং কৃষিজ ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী।
কী কী রয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ডালিতে?
- রাজস্থানের নাগৌরি অশ্বগন্ধা: জিআই (GI) ট্যাগপ্রাপ্ত এই ভেষজ উদ্ভিদ আয়ুর্বেদ শাস্ত্রে ‘রসায়ন’ হিসেবে পরিচিত। জীবনীশক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং মানসিক অবসাদ দূর করতে এটি বিশ্বজুড়ে সমাদৃত।
- মেঘালয়ের লাকাডং হলুদ: মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে উৎপাদিত এই হলুদে রয়েছে প্রচুর পরিমাণে কারকিউমিন (Curcumin)। জিআই স্বীকৃতিপ্রাপ্ত এই হলুদ তার অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- কাশ্মীরের রামবান মধু: জম্মু-কাশ্মীরের চেনাব উপত্যকায় সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে সংগ্রহ করা এই মধুর প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থায় বিশেষ কদর রয়েছে।
- বেনারসি সিল্ক স্টোল: মিহি রেশম ও সূক্ষ্ম জরির কাজের এই স্টোল ভারতের বস্ত্র-ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। চমৎকার বুনন-শৈলী ও জিআই ট্যাগপ্রাপ্ত এই বেনারসি কারুকার্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ভারতীয় শৈল্পিক ধারাবাহিকতার প্রতীক।
জি-৭ শীর্ষ সম্মেলনের ব্যস্ত সূচির ফাঁকেই বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকগুলিতে বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক মজবুত করার বিষয়গুলি প্রাধান্য পেলেও, মোদীর এই অভিনব ‘উপহার-কূটনীতি’ আন্তর্জাতিক মহলে ভারতের প্রাচীন ঐতিহ্যকে এক নতুন মাত্রায় পৌঁছে দিল।
