অসুস্থতার নাটক, দরজা খুলতেই হামলা, তামিলনাড়ুর জেল ভেঙে পালাল ১৭ বন্দি – এবেলা

অসুস্থতার নাটক, দরজা খুলতেই হামলা, তামিলনাড়ুর জেল ভেঙে পালাল ১৭ বন্দি – এবেলা

এবেলা ডেস্কঃ

সেলে অসুস্থতার নাটক ফেঁদে কারারক্ষীদের উপর হামলার পর জেল ভেঙে পালিয়েছেন ১৭ জন বন্দি। সোমবার রাতে তামিলনাড়ুর থেনি জেলায় ঘটা এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মাদুরাইয়ের বাসিন্দা ওই বন্দিরা মৃগীরোগের খিঁচুনি হচ্ছে বলে খবর পাঠিয়ে সেলের দরজা খোলায়। রক্ষীরা ভেতরে প্রবেশ করতেই তাদের উপর চড়াও হয়ে মারধর করে জেল থেকে চম্পট দেয় তারা। এই আকস্মিক হামলায় গুরুতর আহত এক কারারক্ষীসহ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা এবং এর পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না, তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে কারা দফতর।

পলাতক বন্দিদের পাকড়াও করতে ১৭টি বিশেষ দল গঠন করেছে পুলিশ। থেনি ও আশপাশের জঙ্গল, রেললাইন এবং কেরল সীমান্তবর্তী কুমিলি, কম্বম মেট্টু ও বোদিমেট্টু এলাকায় তল্লাশি চলছে। কেরলের ইডুক্কি জেলাসহ তামিলনাড়ুর মাদুরাই ও ডিন্ডিগুল পুলিশকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। বিভিন্ন থানায় পলাতকদের ছবি পাঠানো এবং ডিন্ডিগুলের ১৬টি স্থানে নাকা তল্লাশি শুরু হয়েছে। জেলের ভেতরে এই নিরাপত্তা ত্রুটির পেছনে কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাঁচশোর বেশি বন্দি থাকা এই কারাগারের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এটি অন্যতম বড় জেল থেকে পালানোর ঘটনা বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *