দলবদল করলেই উপনির্বাচন, খরচ জনগণের টাকা! বিধায়কদের নিয়ে এবার কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ
বিধায়কদের বারবার দলবদল এবং তার জেরে জনগণের করের টাকায় বারবার উপনির্বাচন আয়োজনের প্রবণতা নিয়ে এবার চরম ক্ষোভপ্রকাশ করল শীর্ষ আদালত। তামিলনাড়ুতে এআইএডিএমকে-র ছয় বিধায়কের ইস্তফা দিয়ে শাসকদল টিভিকে-তে যোগ দেওয়া এবং পুনরায় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া এক মামলায় সোমবার কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। আদালতের স্পষ্ট বার্তা, ভোটাররা পাঁচ বছরের জন্য প্রতিনিধি নির্বাচন করেন; তাই কোনো জরুরি কারণ ছাড়া ব্যক্তিগত স্বার্থে পদত্যাগ করে রাজকোষের খরচে বারবার ভোট করানো বন্ধ হওয়া উচিত।
মামলাকারীর অভিযোগ, পদত্যাগকারী বিধায়করা দলত্যাগ বিরোধী আইনের ফাঁক গলে বাঁচতেই এই পথ বেছে নিয়েছেন, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রতিটি আসনের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এমতাবস্থায় ৬টি আসন খালি থাকায় সেখানে সাধারণ মানুষের সঠিক প্রতিনিধিত্ব ব্যাহত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালতের নির্দেশে এখন তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক, বিধানসভা সচিব এবং ওই ছয় প্রাক্তন বিধায়ককেও নিজেদের জবাব দিতে হবে। শীর্ষ আদালতের এই পদক্ষেপ আগামী দিনে রাজনৈতিক দলবদলের কৌশলে বড় আঘাত হানতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
