অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে অসুস্থ বোধ করায় তাঁকে প্রথমে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁর শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার প্রক্রিয়া শুরু করেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার ভোররাতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন। বিধায়কের পরিবারের দাবি, অসাবধানতাবশত ভেষজ কীটনাশক পেটে চলে যাওয়ায় এই বিষক্রিয়া হয়েছে।
তবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকদের ধারণা, এটি খাবারে সংক্রমণ বা ফুড পয়েজনিংজনিত সমস্যা হতে পারে। বিধায়ক যে খাবার খেয়েছিলেন, তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রাখার পর বিধায়কের ভাইটাল প্যারামিটারে সামান্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে। তিনি আগের চেয়ে কিছুটা স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন রেখা পাত্র।
