অস্ট্রিয়ায় মোদীর শান্তির বার্তা, বিশ্বমঞ্চে অস্বস্তিতে কে!

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েনায় পৌঁছে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যুদ্ধের বিরোধী এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি জোর দিয়ে বলেন, একবিংশ শতাব্দীতে সামরিক সংঘাতে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং বর্তমান সময় যুদ্ধের যুগ নয়। যেকোনো সামরিক সংঘাত মানবিকতার স্বার্থে দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে নিরপরাধ মানুষের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভারত ও অস্ট্রিয়া একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার ভারতের এই অবস্থানের প্রশংসা করে বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার ক্ষমতা রাখে এবং অস্ট্রিয়া এই শান্তির প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানায়। দীর্ঘ ৪১ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই অস্ট্রিয়া সফর আন্তর্জাতিক মহলে ভারতের শান্তি বার্তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
