আইনি জটিলতায় সাংসদ চন্দ্রশেখর আজাদ, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের

গাজিয়াবাদের একটি পুরনো ফৌজদারি মামলায় হাজিরা না দেওয়ায় নাগিনার সাংসদ চন্দ্রশেখর আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আদালত। আদালত তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। ২০১৮ সালের একটি মারধরি ও গণ্ডগোলের ঘটনায় এই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগকারী ধর্মেন্দ্র কুমারের দাবি, সাহিবাবাদ থানা এলাকার বৃন্দাবন গার্ডেনে একটি অনুষ্ঠানে অস্ত্র নিয়ে উপস্থিত থাকার প্রতিবাদ করায় সাংসদ ও তাঁর সমর্থকরা তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
আইনি সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গাজিয়াবাদের এমপি-এমএলএ আদালতে এই মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে সেই সময়ে মুম্বাইয়ে সংসদীয় বিষয়ক কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কারণে সাংসদ সশরীরে আদালতে উপস্থিত হতে পারেননি। তাঁর আইনজীবী চাঁদ আলম পরবর্তী কোনো তারিখে হাজির হওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদনও জানিয়েছিলেন।
আইনজীবীর আবেদন সত্ত্বেও আদালত সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১৮ সালের ওই ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় হাজিরা এড়ানোর কারণেই আদালত এই কঠোর অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে।
