আইনি জটের মাঝেই বড় বদলের প্রস্তুতি! ২০৯ ওয়ার্ড ধরেই সাজছে কলকাতা পুরসভার অধিবেশন কক্ষ

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন ঘিরে সুপ্রিম কোর্টে আইনি টানাপোড়েন চললেও, লালবাড়িতে জোরকদমে শুরু হয়ে গিয়েছে পরিকাঠামোগত প্রস্তুতি। ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার পরিকল্পনা অনুযায়ী পুরসভার অধিবেশন কক্ষে ২০৯ জন পুর প্রতিনিধির বসার জন্য অতিরিক্ত সারি বা রো তৈরি করা হচ্ছে এবং শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের ক্ষমতাও ৪ টন বাড়ানো হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন, ভোট না হওয়া পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে বিজেপির কো-অর্ডিনেটর থাকবেন।
উল্লেখ্য, আইন না মেনে ও জনসংখ্যার বদলে ভোটার তালিকাকে গুরুত্ব দিয়ে ওয়ার্ড পুনর্বিন্যাসের অভিযোগে গত ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করেন সিপিআইএম নেতা দীপু দাস। সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ না দিলেও, গত ৬ নভেম্বর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণায় স্থগিতাদেশ জারি করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও কলকাতা পুরসভার দায়ের করা জোড়া মামলার পরবর্তী শুনানি রয়েছে বুধবার।
