আকাশছোঁয়া দামে হাঁসফাঁস আমজনতা, কালোবাজারি রুখতে রাজ্যজুড়ে বাজারে হানা প্রশাসনের – এবেলা

এবেলা ডেস্কঃ
নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। আলু, পেঁয়াজ, চিনি থেকে সবজির দাম হু হু করে বাড়ায় মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আচমকা হানা দেন প্রশাসনিক কর্তারা। কলকাতার কোলে মার্কেট ও পোস্তা বাজারে পরিস্থিতি খতিয়ে দেখে টাস্ক ফোর্স। পাশাপাশি উলুবেড়িয়া এবং লেকটাউনের বাজারেও অভিযান চালান মহকুমা শাসক ও পদস্থ পুলিশ আধিকারিকরা।
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই ছবিটা এক। ঝাড়গ্রাম, তমলুক থেকে জলপাইগুড়িতে এদিন জেলাশাসক ও পুলিশ সুপারদের নেতৃত্বে বাজারে বাজারে ঘোরেন আধিকারিকরা। তমলুকে ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসন জানায়, অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জলপাইগুড়িতে জেলাশাসকের উপস্থিতিতে দাম যাচাইয়ের পাশাপাশি বেআইনি মজুতদারি রুখতে কড়া নজরদারি চলে। ভোজ্য তেল ও মিষ্টির নমুনাও সংগ্রহ করা হয়। রাজ্যজুড়ে এই প্রশাসনিক তৎপরতায় অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও, বাজারদর কবে সাধারণ মানুষের নাগালে আসবে, আপাতত সেই দিকেই তাকিয়ে সকলে।
