আগামী ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও কোহলি, আস্থা রাখছে বিসিসিআই

আগামী ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও কোহলি, আস্থা রাখছে বিসিসিআই

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলির পারফরম্যান্স আশানুরূপ ছিল না। চার ইনিংসে রোহিত ৩০ এবং কোহলি ৮৬ রান সংগ্রহ করেন। তবে এই ব্যর্থতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় এই দুই সিনিয়র ব্যাটারকে রেখেই এগোচ্ছেন কোচ গৌতম গম্ভীর।

বোর্ড কর্তাদের মতে, রোহিত ও কোহলি দুজনেই কিংবদন্তি ক্রিকেটার এবং তাঁদের বাদ দেওয়ার কোনো পরিকল্পনা বোর্ডের নেই। দক্ষিণ আফ্রিকার পিচ ও কন্ডিশনে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন বোর্ড কর্তারা। ফিটনেস ঠিক থাকলে এবং তাঁরা খেলা চালিয়ে যেতে চাইলে বিশ্বকাপের দলে তাঁদের থাকা নিশ্চিত বলেই ইঙ্গিত মিলেছে।

বোর্ড স্পষ্ট জানিয়েছে, দুই সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ তাঁরা নিজেরাই নির্ধারণ করবেন এবং কোনো সিদ্ধান্ত তাঁদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। কোচ গৌতম গম্ভীরকেও বোর্ডের এই মনোভাব জানিয়ে দেওয়া হয়েছে। অভিজ্ঞতার বিকল্প না থাকায় গম্ভীরও রোহিত ও কোহলিকে ঘিরেই বিশ্বকাপের ব্লু-প্রিন্ট তৈরি করছেন। আগামী ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *