আদালতের নির্দেশে মঞ্চ সরাল এসআরএফটিআই কর্তৃপক্ষ

শনিবার সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। দীর্ঘ ৬২ দিন ধরে চলা ছাত্র আন্দোলনের মঞ্চ ভাঙাকে কেন্দ্র করে পুলিশ ও পড়ুয়াদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পড়ুয়াদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে মঞ্চ ভাঙচুর করে এবং পুলিশ তাদের বাধা দিতে গেলে সরিয়ে দেয়।
এই ঘটনার প্রেক্ষিতে এসআরএফটিআই কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করেছে। কর্তৃপক্ষের দাবি, আলিপুর আদালতের নির্দেশ মেনেই ক্যাম্পাসে গড়ে ওঠা বেআইনি নির্মাণ বা মঞ্চটি সরানো হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩(২) ধারায় দায়ের হওয়া মামলায় আদালত এই নির্দেশ দিয়েছিল।
কর্তৃপক্ষের অভিযোগ, ইনস্টিটিউটের অনুমতি ছাড়াই ওই মঞ্চ তৈরি করা হয়েছিল, যা ক্যাম্পাসের শান্তি ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছিল। বিবৃতিতে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আইনসম্মত পদ্ধতিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি কাজে বাধা দেওয়া বা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল আদালত। বর্তমানে বেআইনি কাঠামোটি সরানোর পর ক্যাম্পাসে স্বাভাবিক প্রশাসনিক ও শিক্ষামূলক কাজকর্ম চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
