ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে নিহত ১২১ হুথি যোদ্ধা

ইয়েমেনের সরকারি বাহিনী সৌদি আরবের সহায়তায় হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডন অফ ইয়েমেন’ নামে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় হুথিদের বিভিন্ন অবস্থানে ৭২৬টি হামলা চালানো হয়েছে।

ইয়েমেন সেনার মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিক হামলায় ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন। অভিযানের বিস্তারিত তথ্যে বলা হয়েছে, হুথি ঘাঁটিতে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে। এই সামরিক তৎপরতায় হুথি বাহিনীর ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাইজ়, মারিব, আল-জ়াওফ, লাহিজ, আল-দালি এবং শাবওয়া-সহ বিভিন্ন প্রদেশে এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অন্যদিকে, হুথিরা দাবি করেছে যে, শুক্রবার রাতে তাইজ় প্রদেশের আল-তুরবা এলাকায় সৌদি সেনার বিমান হামলায় ১১ জন অসামরিক নাগরিক, যাদের অধিকাংশই শিশু, নিহত হয়েছেন। চলতি মাসের শুরুতে বাব আল-মান্দেব প্রণালীর তীরবর্তী অঞ্চল থেকে সৌদি ও ইয়েমেন সেনার যৌথবাহিনীকে হটিয়ে দিয়েছিল হুথিরা। সেই এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যেই এই পাল্টা অভিযান শুরু করেছে যৌথবাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *