আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় উপপ্রধান

আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় উপপ্রধান

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকান্ত রায় এবং স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। শিবদাস মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক, দেগঙ্গার বিডিও এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী দীর্ঘ প্রায় দুই দশক ধরে নূরনগর পঞ্চায়েতের বিশ্বনাথপুরের রামনাথপুর গ্রামে ভাড়া থাকেন।

২০২৪-২৫ আর্থিক বছরে তিনি আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন। অভিযোগ, তালিকায় নাম ওঠার পর উপপ্রধান সুকান্ত রায় তাঁর সঙ্গে যোগাযোগ করেন। শিবদাস নিজের জমি না থাকার কথা জানালে, উপপ্রধান ও সুরজিৎ মুখোপাধ্যায় তাঁকে জমি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। শিবদাসের দাবি, সেই আশ্বাসের ভিত্তিতে তিনি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ব্যাংক থেকে তোলেন।

এরপরই উপপ্রধান সুকান্ত রায় তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা কাটমানি হিসেবে আদায় করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এই ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগে প্রশাসনিক স্তরে তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *