আবাস যোজনার টাকা ফেরতের নির্দেশ, অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ ব্লক প্রশাসনের

আবাস যোজনার টাকা ফেরতের নির্দেশ, অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ ব্লক প্রশাসনের

পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পের টাকা বণ্টনে স্বচ্ছতা বজায় রাখতে নজিরবিহীন কড়া পদক্ষেপ গ্রহণ করল ব্লক প্রশাসন। প্রকল্পের সুবিধাভোগীদের একাংশের বিরুদ্ধে পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি অনুদান নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া, অনেকে টাকা পাওয়ার পরেও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি টাকা নেওয়ার প্রমাণ মিলেছে, তাদের আগামী সাত দিনের মধ্যে সেই অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে বলা হয়েছে। অন্যদিকে, যারা টাকা পেয়েও নির্মাণকাজ শুরু করেননি, তাদের আগামী তিন দিনের মধ্যে কাজ শুরু করার চরম নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সরিষা গ্রাম পঞ্চায়েতের ১৪৩ জন উপভোক্তার বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ ওঠায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, তাদের জোর করে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে, আবার কেউ কেউ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন। প্রশাসনের এই কড়া পদক্ষেপের পর অযোগ্যদের কাছ থেকে সরকারি টাকা পুনরুদ্ধার এবং প্রকৃত উপভোক্তাদের বাড়ি তৈরির বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *