পুলিশের গুলিতে নিহত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ

পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রবিবার গ্রেপ্তার করা হয় কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় রতন জানায়, নানুর থেকে চারকলগ্রাম যাওয়ার পথে উচকরণ গ্রামের কাছে একটি পরিত্যক্ত ইটভাটায় সে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। সেই অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাকে নিয়ে ওই এলাকায় পৌঁছালে সে আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই রতন শেখের মৃত্যু হয়।
বীরভূমের নানুরের সাঁওতাগ্রামের বাসিন্দা রতন শেখের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক পাচার-সহ মোট ৩৬টি মামলা রয়েছে। মাস কয়েক আগে গ্রেপ্তার হলেও সে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিল। গত শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইক বাজার এলাকায় দুষ্কৃতী ধরতে গিয়ে রতনের গুলিতে আহত হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। রতন তার বাঁ পায়ে গুলি করে পালিয়ে গিয়েছিল। গুরুতর জখম অবস্থায় ওই কনস্টেবলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অপরাধ দমনে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং দুষ্কৃতী দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।
