‘আমিই ভারত!’ মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চে অশোকচক্র আঁকা গাউনে কটাক্ষের মুখে উর্বশী – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবার জয়পুরে আয়োজিত ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে উপস্থিত হয়ে এক নতুন বিতর্কের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী ও প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উর্বশী রাউতেলা।
রেড কার্পেটে ভারতের জাতীয় পতাকার অনুকরণে তৈরি কাস্টম-মেড গাউন পরে উপস্থিত হয়ে তিনি গর্বের সঙ্গে বলেন, “আমিই ভারত।” আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার দাশার তিন মাসের পরিশ্রমে তৈরি এই পোশাকটিতে গেরুয়া, সাদা ও সবুজ রঙের পাশাপাশি পেটের কাছে নীল রঙের অশোকচক্র স্পষ্ট ছিল। সঙ্গে ছিল সোনালী ঝালর ও হিরের গহনা। উর্বশী জানান, কান চলচ্চিত্র উৎসবে দেওয়া তাঁর বক্তব্যের প্রতিফলন হিসেবেই তিনি চতুর্থবারের মতো বিচারক হয়ে এই পোশাক বেছে নিয়েছেন।
তবে এই পোশাক সামনে আসতেই দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। একদল নেটিজেন অভিযোগ করেছেন, জাতীয় পতাকার অনুকরণে পোশাক বানিয়ে দেশ ও পতাকাকে অপমান করা হয়েছে। অন্যদিকে অনুগামীদের একাংশের মতে, উর্বশী ফ্যাশনের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের দেশকে তুলে ধরেছেন। উল্লেখ্য, এই বিশেষ রাতের নির্বাচন কমিটিতে উপস্থিত ছিলেন ২০১৫ সালে উর্বশীকে মুকুট পরিয়ে দেওয়া প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনও।
