আমেরিকায় মহিলার ব্যক্তিগত ছবি চুরির চেষ্টার অভিযোগে আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

আমেরিকায় মহিলার ব্যক্তিগত ছবি চুরির চেষ্টার অভিযোগে আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

আমেরিকার অস্টিনে এক মহিলার ব্যক্তিগত ছবি চুরির চেষ্টার অভিযোগে রাঘুল আনন্দকৃষ্ণন নামে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে হেফাজতে নিয়েছে মার্কিন অভিবাসন দফতর বা আইসিই। গত ৭ জুন অস্টিনের ক্যাপিটাল প্লাজা শপিং সেন্টারের একটি টোটাল ওয়্যারলেস স্টোরে এই ঘটনাটি ঘটে। ওই মহিলা তাঁর আইফোনের নেটওয়ার্ক সেটিংস পরিবর্তনের জন্য দোকানে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় দোকানের কর্মী ২৯ বছর বয়সি রাঘুল মহিলার কাছ থেকে পাসকোড নিয়ে ফোনটি দোকানের পিছনের দিকে নিয়ে যান।

তদন্তে জানা গিয়েছে, ফোনটি হাতে পাওয়ার পর রাঘুল মহিলার গ্যালারি থেকে দুটি অন্তরঙ্গ ছবি নিজের ফোনে এয়ারড্রপের মাধ্যমে পাঠানোর চেষ্টা করেন। পুলিশের কাছে জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেন যে, তিনি ইচ্ছাকৃতভাবেই ছবিগুলি পাঠানোর চেষ্টা করেছিলেন। এছাড়া ওই মহিলা অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়াই রাঘুল তাঁর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ঢুকে নিজেকে যুক্ত করেছিলেন। ফোন ফেরত পাওয়ার পর বিষয়টি বুঝতে পেরে তিনি পুলিশের দ্বারস্থ হন।

এই ঘটনায় রাঘুলের বিরুদ্ধে ইনভেসিভ ভিজুয়াল রেকর্ডিং এবং কম্পিউটার সিকিউরিটি সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়। টেক্সাসের কাউন্টি জেলে সাজা ভোগ করার পর বর্তমানে তাকে অভিবাসন দফতরের হেফাজতে রাখা হয়েছে। আইসিই জানিয়েছে, অভিবাসন সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলাকালীন তিনি হেফাজতেই থাকবেন। তবে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *