সব্যসাচীর অভিনয়ে মুগ্ধ প্রসেনজিৎ, প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা

গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ভক্তিমূলক চলচ্চিত্র ‘সাধক বামাক্ষ্যাপা’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। অভিনয়ের পাশাপাশি ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি। বামাক্ষ্যাপার জীবন ও সাধনার কাহিনি বড় পর্দায় তুলে ধরার এই প্রয়াস দর্শকদের পাশাপাশি নজর কেড়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন প্রসেনজিৎ। তিনি জানিয়েছেন, ‘সাধক বামাক্ষ্যাপা’ সিনেমাটি দেখার পর ঘোর কাটতে তাঁর সময় লাগবে। সব্যসাচী চৌধুরীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, যেকোনো চরিত্রে নিজেকে মিশিয়ে দিলে তার ফল যে কতটা অনবদ্য হতে পারে, তা সব্যসাচী আবারও প্রমাণ করেছেন।
অভিনয়ের পাশাপাশি ছবির আবহ সঙ্গীত এবং গানেরও প্রশংসা করেছেন প্রসেনজিৎ। তাঁর মতে, বাংলা সিনেমা যে কল্পনা ও বাস্তব মিশিয়ে প্রতিকূলতা কাটিয়ে এমন একটি ছবি তৈরি করতে পারে, তা অত্যন্ত প্রশংসনীয়। এসভিএফ প্রযোজিত এই ছবিটি বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
