আমেরিকা থেকে প্রত্যর্পণের পর দিল্লিতে গ্রেপ্তার খলিস্তানি সমর্থক

আমেরিকা থেকে প্রত্যর্পণের পর দিল্লিতে খলিস্তানি সমর্থক ঠিকরওয়ালকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। চলতি বছরের ২৭ এপ্রিল শম্ভু ও রাজপুরা স্টেশনের মাঝে ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের রেললাইনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
এনআইএ-র তদন্তে উঠে এসেছে যে, বিস্ফোরণের ঘটনার পর ঠিকরওয়াল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ঘটনার প্রশংসা ও সমর্থন জানিয়েছিল। ওই ভিডিওতে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন খলিস্তান জিন্দাবাদ ফোর্সকে ‘কওমি সংগঠন’ এবং রঞ্জিত সিং ওরফে নিটাকে ‘কওমের জেনারেল’ বলে অভিহিত করেছিল। বিস্ফোরণ ঘটাতে গিয়ে মৃত জগরুপ সিংয়ের প্রতিও সে সমর্থন ব্যক্ত করেছিল বলে অভিযোগ রয়েছে।
তদন্ত চলাকালীন অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল এনআইএ। এছাড়া পাঞ্জাবের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা আছে। এই গ্রেপ্তারের ফলে রাজপুরা-শম্ভু বিস্ফোরণ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিদেশে বসে থাকা সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীদের আঁতাত ভাঙতে এবং তাদের পরিকাঠামো ধ্বংস করতে এনআইএ তাদের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
