আর্জেন্টিনায় ফুটবল ম্যাচে বিপক্ষ খেলোয়াড়ের লাথিতে মৃত্যু ১৮ বছর বয়সী ফুটবলারের

আর্জেন্টিনার যুব দলের চতুর্থ ডিভিশনের একটি ফুটবল ম্যাচে মর্মান্তিক মৃত্যু হলো ১৮ বছর বয়সী ফুটবলার আবেল নুনেজ়ের। এফসি এজ়েইজ়া বনাম ডিপোর্টিভো মুনিজ়ের মধ্যকার ম্যাচ চলাকালীন বল দখলের লড়াইয়ে এই দুর্ঘটনা ঘটে। এজ়েইজ়ার হয়ে খেলা তরুণ এই ফুটবলার বল অনুসরণ করে সাইডলাইনের দিকে এগিয়ে যাওয়ার সময় বিপক্ষ দলের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে সজোরে লাথি মারেন। সেই লাথি সরাসরি নুনেজ়ের মাথায় আঘাত করে।
মাঠেই লুটিয়ে পড়েন নুনেজ়। প্রত্যক্ষদর্শীদের মতে, আঘাতটি এতটাই তীব্র ছিল যে তা বক্সিংয়ের নকআউটের মতো মনে হয়েছে। ঘটনার পর চিকিৎসক দ্রুত মাঠে প্রবেশ করে তাকে পরীক্ষা করেন, কিন্তু নুনেজ় শ্বাস নিতে পারছিলেন না। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, মাথায় আঘাতের ফলে তার মাথার হাড় ভেঙে যায় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আর্জেন্টিনার ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। এফসি এজ়েইজ়া ক্লাবের পক্ষ থেকে তরুণ এই ফুটবলারের অকাল প্রয়াণে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। ফুটবল মাঠে এমন মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়ে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন।
