আসন পুনর্বিন্যাস বিলকে ডিএমকে-র সমর্থন, অস্বস্তিতে ‘ইন্ডিয়া’ জোট

কেন্দ্রের আনা আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে। চেন্নাইয়ে দলীয় সদর দফতরে এম কে স্ট্যালিনের নেতৃত্বে আয়োজিত সাংসদদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়।

স্ট্যালিন জানিয়েছেন, গত এপ্রিল মাসে ডিএমকে যে দুটি প্রধান দাবি জানিয়েছিল, কেন্দ্রের নতুন সংশোধিত বিলে তা লিখিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একে তামিলনাড়ু তথা দক্ষিণ ভারতের রাজ্যগুলির দীর্ঘ লড়াইয়ের জয় হিসেবে দেখছে দলটি।

ডিএমকে সাংসদ এ রাজা ও দয়ানিধি মারান জানিয়েছেন, নতুন বিল অনুযায়ী লোকসভায় তামিলনাড়ুর বর্তমান আসন অংশীদারিত্ব কমছে না। ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে আসন বণ্টনের হার আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এছাড়া লোকসভার মোট আসন ৫৪৩ থেকে বাড়িয়ে প্রায় ৮৫০ করার প্রস্তাব রয়েছে, যার ফলে তামিলনাড়ুর আসন সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯ হতে পারে।

এই সিদ্ধান্তের ফলে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বিলটির বিরোধিতার ডাক দেওয়া হলেও ডিএমকে-র এই অবস্থান সেই রণকৌশলকে কার্যত ব্যর্থ করেছে। এনসিপি (এসপি)-ও বিলটির বিষয়ে সুর নরম করায় বিরোধী ঐক্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

আগামী সংসদের বিশেষ অধিবেশনে বিলটি পাস করাতে এনডিএ সরকারের জন্য ডিএমকে-র এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *