মায়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, মৃত অন্তত ১৭

মায়ানমারের শান ও কারেন্নি প্রদেশের সীমান্তবর্তী মো বায়ে এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেওয়া মানুষেরা বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিয়ের প্রস্তুতি চলাকালীন যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলেই অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। হামলার পর তোলা ভিডিও ও ছবিতে দেখা গেছে, রক্তাক্ত জখমদের চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
যুদ্ধবিমানের শব্দ শোনার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং মায়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। মো বায়ে শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও পার্শ্ববর্তী গ্রামগুলিতে জান্তা-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলির সক্রিয় উপস্থিতি রয়েছে। আন্তর্জাতিক সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের সংঘর্ষে দেশটিতে এক লক্ষেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
