ইউনিয়ন রুম নাকি ‘ফুর্তির আখড়া’? এপিসি কলেজে উদ্ধার কন্ডোম*-মদের বোতল – এবেলা

এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদন: নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুম খুলতেই চক্ষু চড়কগাছ কলেজ কর্তৃপক্ষের। ঘরের মেঝেতে ছড়ানো লাঠিসোঁটা, ডাস্টবিনে ব্যবহৃত কন্ডোমের প্যাকেট, আর এদিক-ওদিক পড়ে রয়েছে মদের বোতল ও পাজামা। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা বজায় রাখার পরিবর্তে ইউনিয়ন রুমটি যে অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছিল, তা স্পষ্ট।
উল্লেখ্য, দীর্ঘ দিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় এবং রাজ্যের বিভিন্ন কলেজ থেকে নানা আপত্তিকর সামগ্রী উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২০২৫ সালে কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত কলেজের ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সাম্প্রতিক সময়ে উচ্চশিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, অধ্যক্ষ বা টিচার ইন-চার্জের উপস্থিতিতে, ভিডিওগ্রাফি করে এবং কঠোর নজরদারিতে এই রুমগুলি খোলার প্রক্রিয়া শুরু হয়। সেই নিয়ম মেনে শুক্রবার এপিসি কলেজের ইউনিয়ন রুম খুলতেই বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর চিত্র।
এই ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কলেজেরই একাংশ ছাত্রছাত্রীর অভিযোগ, বিগত শাসনামলে ছাত্র সংগঠনের দাপটে সাধারণ পড়ুয়ারা ইউনিয়ন রুমের ত্রিসীমানাতেও ঘেঁষতে পারত না। সেখানে ‘গা-জোয়ারি’ চলত বলে দাবি তাদের। তাই ইউনিয়ন রুমের এই বেহাল অবস্থার জন্য টিএমসিপি-কেই দায়ী করছেন তারা।
এদিকে, এই ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কলেজের প্রাক্তনীরা। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন অশালীন ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত, তাদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সর্বস্তরে। এখন দেখার, বিকাশ ভবনে জমা দেওয়া রিপোর্টে কী তথ্য উঠে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ নেয়।
