ইন্দোরের লালবাগ প্রাসাদে উদ্ধার ১০০ কেজির রহস্যময় সিন্দুক, মালিকানা নিয়ে দড়ি টানাটানি

ইন্দোরের ঐতিহাসিক লালবাগ প্রাসাদে সংস্কারের কাজ চলাকালীন মাটি খুঁড়ে ১০০ কেজিরও বেশি ওজনের একটি জং ধরা লোহার সিন্দুক উদ্ধার করা হয়েছে। স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রাস্তা তৈরির জন্য মাটি সমতল করার সময় শ্রমিকদের নজরে আসে ধাতব বস্তুটি। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, সিন্দুকটিতে কোনো হাতল বা চাবি নেই। বর্তমানে এর সঠিক বয়স বা মালিকানা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এই সিন্দুকটির মালিকানা দাবি করে ইতিমধ্যে দুটি পক্ষ সামনে এসেছে। হোলকার রাজপরিবারের সঙ্গে যুক্ত খাসগি ট্রাস্ট প্রত্নতত্ত্ব বিভাগকে চিঠি দিয়ে তাদের উপস্থিতিতে সিন্দুকটি খোলার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, গুনার বাসিন্দা বন্দনা সোনি নামে এক নারী দাবি করেছেন যে, সিন্দুকটি তার মায়ের পৈতৃক সম্পত্তির অংশ। তবে কোনো পক্ষই এখনো মালিকানার সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারেনি। প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে, দাবিকারীদের দপ্তরে এসে প্রমাণ পেশ করতে হবে।
প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে, ট্রেজার ট্রভ অ্যাক্ট, ১৮৭৮ অনুযায়ী, খননকার্যে প্রাপ্ত যেকোনো মূল্যবান বস্তুর বিষয়ে জেলা কালেক্টরকে জানাতে হয়। এরপর মালিকানা যাচাইয়ের জন্য চার থেকে ছয় মাসের সময় দেওয়া হয়। বর্তমানে সিন্দুকটি রাসায়নিক প্রক্রিয়ায় পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর বিশেষজ্ঞদের সহায়তায় নতুন চাবি তৈরি করে ভিডিওগ্রাফির মাধ্যমে এটি খোলা হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সিন্দুকটি রাজওয়াড়া গ্যালারিতে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
