ইভিএম কাণ্ড ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার, বিজেপিকে ১৫০ আসন উপাহারের অভিযোগ অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ
ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে গিয়ে ইভিএম সংক্রান্ত বিস্ফোরক অভিযোগে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আয়োজিত বিশেষ সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, দক্ষিণ কলকাতার আলিপুরে নির্বাচন সংক্রান্ত সরকারি ভবনে পরিকল্পনামাফিক প্রায় চার হাজার ইভিএম ও গণনা মেশিন পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার পেছনে বিজেপি ও নির্বাচন কমিশনের প্রত্যক্ষ যোগসাজশের অভিযোগ তুলে তৃণমূল নেত্রী আরও জানান, এআই ও বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নির্বাচন ও গণনাপ্রক্রিয়া সম্পূর্ণভাবে হাইজ্যাক করা হয়েছিল। সেই সঙ্গে রাজ্যপাল বদল, ভুয়া ভোটার তালিকা সংশোধন এবং সিআরপিএফের বিতর্কিত ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ উগরে দেন।
সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চার হাজার ইভিএম ভস্মীভূত হওয়ার ঘটনা তুলে ধরে সোচ্চার হন। তাঁর জোরালো দাবি, নির্বাচন কমিশন সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ করে এই নির্বাচনে বিজেপিকে অন্তত ১৫০টি আসন উপহার দিয়েছে। এর আগে গত ডিসেম্বরেও ভোটার তালিকার কেন্দ্রীয়করণ ও বিতর্কিত সফটওয়্যার নিয়োগের বিষয়ে সর্বসমক্ষে সরব হয়েছিলেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে এই ইস্যুতে দেশজুড়ে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কেন্দ্র ও রাজ্য রাজনীতিতে মমতার এই অল-আউট আক্রমণ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
