ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, গুরুতর ক্ষতির আশঙ্কা চিকিৎসকের

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের চিকিৎসক ফয়সল সুলতান। ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জেলবন্দি ইমরানের রক্তচাপ বর্তমানে একেবারেই নিয়ন্ত্রণে নেই। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিলে তাঁর হৃদ্যন্ত্র, কিডনি এবং চোখের রেটিনার মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
দীর্ঘ ৩০ বছর ধরে ইমরানের চিকিৎসা করা ফয়সলের মতে, এই ধরনের রক্তচাপের সমস্যা অবহেলা করার মতো নয় এবং অবিলম্বে তা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। এর আগে ইমরান খান নিজেও সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে একটি চিঠি লিখে নিজের এবং স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছিলেন। চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, সঠিক চিকিৎসার অভাবে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ বা হৃদ্যন্ত্র বিকল হওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
পাশাপাশি, বুশরা বিবির দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইমরান খানের অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বর্তমান সরকার তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করছে না। ২০২৩ সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। তোষাখানা-সহ একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে কিছু মামলার সাজা স্থগিত হলেও, তোষাখানা-২ মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইমরান বর্তমানে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁর শারীরিক অসুস্থতার খবর রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।
