মঙ্গলবার থেকে নামবে পারদ, শীতের আমেজ ফিরছে বঙ্গে

পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। এর জেরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা ছিল এবং দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যায়।
তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি সাময়িক। মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তুরে হাওয়া শক্তিশালী হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করবে। প্রথমবারের মতো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।
বুধবার থেকে শুক্রবারের মধ্যে পারদ আরও কমে ১৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। সমতলের মধ্যে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি এবং দার্জিলিংয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অক্ষরেখাটি সরে গেলে এবং উত্তুরে হাওয়ার দাপট বাড়লে সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
