ইসলামপুরে দুঃসাহসিক শুটআউট: স্কুলে যাওয়ার পথে গুলিতে ঝাঁঝরা প্রধান শিক্ষক! – এবেলা
এবেলা ডেস্কঃ
ইসলামপুর: দিনেদুপুরে দুঃসাহসিক শুটআউট উত্তর দিনাজপুরের ইসলামপুরে। স্কুলে যাওয়ার পথে আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫৫)। নিহত শিক্ষক শাসকদলের শিক্ষা সেলের নেতা বলেও জানা গেছে। শনিবার সকালের এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মাদারিপুর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে প্রতিদিনের মতোই নিজের মোটরবাইকে চেপে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নজরুল বাবু। মাদারিপুর পৌঁছাতেই বাইকে আসা দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। প্রত্যক্ষদর্শী দোকানদার মহম্মদ ইসমাইল জানান, গুলি লাগার পরও রক্তাক্ত অবস্থায় নজরুল বাবু বাইক ঘুরিয়ে আততায়ীদের তাড়া করার চেষ্টা করেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই টাল সামলাতে না পেরে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ইসলামপুর থানায় খবর দিলে পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, এ দিন স্কুল ছুটির পর নিজের গ্রাম চোপড়ার সোনাপুরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই পথিমধ্যে শেষ হয়ে গেল একটি জীবন। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড— পুরনো শত্রুতা নাকি অন্য কোনো রাজনৈতিক টানাপোড়েন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
