ইসলামপুরে দুষ্কৃতীদের তাণ্ডব: স্কুলে যাওয়ার পথেই শিক্ষককে লক্ষ্য করে চলল গুলি, চরম আতঙ্ক! – এবেলা

এবেলা ডেস্কঃ
ইসলামপুর: ফের দুষ্কৃতীদের তাণ্ডবে কেঁপে উঠল ইসলামপুর। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো এক প্রাথমিক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের মাদারিপুর এলাকায়। গুলিবিদ্ধ শিক্ষকের নাম নজরুল ইসলাম, যিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই শনিবার সকালে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিলেন নজরুলবাবু। মাদারিপুর এলাকায় পৌঁছানো মাত্রই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন।
খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। কী উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে আশপাশের নজরদারি জোরদার করা হচ্ছে।
উল্লেখ্য, প্রায় বছরখানেক আগে এই মাদারিপুর এলাকারই একটি হোটেলে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ১৯ রাউন্ড গুলি চালিয়ে নির্মমভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই ফের এই শ্যুটআউটের ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সর প্রশ্ন উঠতে শুরু করেছে।
