নকশা এক আর নির্মাণ পাঁচতলা? আকাশছোঁয়া জরিমানার মুখে পড়তে চলেছেন বেআইনি ফ্ল্যাট মালিকরা! – এবেলা
.jpeg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
দোতলার নকশা অনুমোদন করিয়ে পাঁচতলা নির্মাণ কিংবা অনুমোদনহীন পেন্টহাউস বানালে এবার থেকে গুণতে হবে আকাশছোঁয়া জরিমানা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই কঠোর সতর্কবার্তা দেন। সাম্প্রতিক দুর্ঘটনা ও বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা করে তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে সামান্য গরমিল সংশোধনের সুযোগ মিললেও বড় ধরনের অসঙ্গতি বা অতিরিক্ত ফ্লোর তৈরির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। নরম পলি মাটির এই রাজ্যে বেআইনি নির্মাণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলছে, যা কিছুতেই বরদাস্ত করা হবে না।
পাশাপাশি শহুরে যানজট নিয়ন্ত্রণে বাণিজ্যিক ভবনগুলির জন্য পার্কিং বাধ্যতামূলক করা হচ্ছে। ফায়ার লাইসেন্সের মতো নিয়ম এনে প্রতিটি সংস্থাকে কর্মী ও গ্রাহকদের নির্দিষ্ট পার্কিং স্পেস নিশ্চিত করতে হবে, অন্যথায় মিলবে না অনুমোদন। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে জাতীয় স্তরের প্যানেলভুক্ত এজেন্সি দিয়ে কঠোর ‘থার্ড পার্টি মনিটরিং’-এর ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি তলার কাজের জন্য আলাদা ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সরকারি নজরদারি নিশ্চিত হয় এবং মানুষের নিরাপত্তা সুরক্ষিত রাখা যায়।
