ইসলামিক ‘ন্যাটো’-তে যোগ দেওয়ার পথে বাংলাদেশ? মক্কা ডিল নিয়ে বড় খবরের সংকেত ঢাকায়! – এবেলা

এবেলা ডেস্কঃ
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের গঠিত যৌথ প্রতিরক্ষা জোট বা ‘ইসলামিক ন্যাটো’তে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি স্বাক্ষরিত এই ‘মক্কা চুক্তি’ বা ‘মক্কা প্যাক্ট’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার বক্তব্য, এই চুক্তিতে যোগ দিলে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না এবং এতে কোনো ঝুঁকিও দেখছে না তারা।
গত ৭ আগস্ট মক্কার আল-সাফা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো—এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে, তা বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কে সব দেশের সঙ্গেই ভারসাম্য রক্ষা করতে চায়। তবে এই নতুন চুক্তির বিষয়টিকে ইতিবাচক সুযোগ হিসেবেই দেখা হচ্ছে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও জানিয়েছিলেন, আমন্ত্রণ পেলে ঢাকা এই জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। এটিকে ‘মুসলিম পরিবারের’ অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেছিলেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের এই সম্ভাব্য পদক্ষেপে চোখ রাখছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতের জাতীয় সুরক্ষা ও প্রতিবেশী অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে—এমন প্রতিটি পদক্ষেপর ওপর গভীরভাবে নজর রাখছে নয়াদিল্লি।
