উচ্ছেদের আশঙ্কা শেষ! ৭ দিনের মধ্যে শুরু মেট্রোর কাজ, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কড়া নির্দেশ – এবেলা

উচ্ছেদের আশঙ্কা শেষ! ৭ দিনের মধ্যে শুরু মেট্রোর কাজ, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কড়া নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজের স্বার্থে ধর্মতলার বিধানচন্দ্র রায় মার্কেট এলাকায় কাজ শুরুর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দেন। তবে একই সঙ্গে বিধান মার্কেটের দোকানদারদের স্বার্থ ও আবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মেট্রোর কাজের জন্য দোকানদারদের সাময়িক ভাবে সরানোর নোটিস দিলে অনিশ্চয়তায় ভুগে আদালতের দ্বারস্থ হয় বিধানচন্দ্র রায় মার্কেট স্টল হোল্ডার্স অ্যাসোসিয়েশন। মেট্রো কর্তৃপক্ষ আদালতে জানায়, দোকানদারদের স্থায়ী ভাবে উচ্ছেদ করা হচ্ছে না, তাঁদের কাছাকাছি একটি বিকল্প জায়গায় জল, বিদ্যুৎ ও শৌচালয়ের সব সুবিধা-সহ স্থানান্তরিত করা হবে। বিচারপতি স্পষ্ট জানান যে উন্নয়নের জন্য যাঁরা সরে দাঁড়াচ্ছেন, তাঁদের জীবিকা ও মর্যাদার সুরক্ষা দেওয়া জরুরি। তাই আপাতত অস্থায়ী ভাবে তাঁদের সরানো হলেও, মেট্রোর কাজ শেষ হওয়ার পর আবার পুরোনো জায়গায় ফিরিয়ে আনতে হবে এবং এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষকে লিখিত নথি বা আশ্বাস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য দিকে, পলতা থেকে টালা পাম্পিং স্টেশন পর্যন্ত বিটি রোড বরাবর ৪৮ ইঞ্চির পুরোনো পাইপের বদলে ৭২ ইঞ্চির নতুন পাইপলাইন বসানো এবং ব্যারাকপুর-বারানগর মেট্রো করিডরের কাজের জন্য রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-কে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দিয়েছে কলকাতা পুরসভা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *