উত্তপ্ত নৈহাটি! প্রাক্তন বিধায়ককে ঘিরে বিক্ষোভের ঝড়, মারমুখী জনতার হাত থেকে সনৎকে বাঁচাল পুলিশ! – এবেলা

এবেলা ডেস্কঃ
নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে ঘিরে বৃহস্পতিবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায়। নৈহাটি থানা থেকে ৬ নম্বর বিজয়নগরে নিজের বাড়িতে পৌঁছাতে গিয়ে চরম জনরোষের মুখে পড়ে পুলিশ। গাড়ি থেকে নামতেই বিজেপি কর্মী-সমর্থকেরা ‘চোর চোর’ স্লোগান তুলে তুমুল বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে একজন সনৎ বাবুকে লক্ষ্য করে ঘুসিও চালাতে যায়। যদিও পুলিশ তৎপরতার সঙ্গে তাঁকে রক্ষা করে এবং নিরাপত্তার খাতিরে দ্রুত ফের থানায় ফিরিয়ে নিয়ে আসে। ঘটনার মাঝেই পার্থ ভৌমিকের ওপর ক্ষোভ উগরে দিয়ে তাঁকেই ‘বড় নাট্যকার’ বলে তীব্র আক্রমণ করেন সনৎ দে।
এই ঘটনায় পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং দাবি করেন, জমি-বাড়ি দখল ও বিরোধীদের ওপর অত্যাচারের তুলনায় এই জনরোষ কিছুই নয়, তাঁর আরও বড় শাস্তি হওয়া উচিত। নৈহাটির তৃণমূল যুব সভাপতি বিষ্ণু অধিকারী এবং টিটাগড়ের বিষ্টু সিংয়ের বিরুদ্ধেও জমি জালিয়াতি ও অত্যাচারের চাঞ্চল্যকর অভিযোগ এনে মন্ত্রী বলেন, জনগণই এদের উপযুক্ত শিক্ষা দেবে। পার্থ ভৌমিককে কটাক্ষ করে তিনি পরিষ্কার জানান, এদিক-ওদিক করে ভেবে লাভ নেই, অপরাধ করে ছাড় পাওয়া যাবে না।
