উত্তরপাড়ায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু মা ও মেয়ের

উত্তরপাড়া স্টেশনে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মুম্বইয়ের এক চলচ্চিত্র পরিচালকের স্ত্রী ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের নাম আভা ঝা (৪৮) এবং তাঁর মেয়ে প্রগতি ঝা (১৯)। তাঁরা মুম্বইয়ের বাসিন্দা ছিলেন এবং ছট পূজা উপলক্ষে ধানবাদ থেকে উত্তরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনার দিন রাত ১১টা নাগাদ উত্তরপাড়া স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় বৈশালী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, স্টেশনে দাঁড়ানো অবস্থায় সেলফি তোলার পরই এই বিপত্তি ঘটে। প্রগতি মুম্বইয়ে আইন নিয়ে পড়াশোনা করতেন এবং তিনি একজন জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন। পরদিন তাঁদের মুম্বই ফেরার ফ্লাইট ছিল। এই আকস্মিক দুর্ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা বেলুড় জিআরপি থানায় পৌঁছান। মৃতদের আত্মীয় চন্দন কুমার ঝা জানিয়েছেন, এই কঠিন সময়ে তাঁরা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা পাচ্ছেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
